নিউজ ডেস্ক: খাকি উর্দির আড়ালে লুকিয়ে ছিল প্রতারণার জাল। নিজেকে আইপিএস (IPS) অফিসার পরিচয় দিয়ে এক তরুণীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। ধৃতের নাম জি কানহা পাত্র, বাড়ি ওড়িশায়। রবিবার তাকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয় দিয়ে প্রভাব খাটানোই ছিল ধৃতের মূল কৌশল। নিজের ফেসবুক প্রোফাইলে পুলিশের উর্দি এবং আইপিএস ব্যাচ লাগানো একাধিক ছবি পোস্ট করে নিজেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক হিসেবে জাহির করত সে। অশোকনগরের ওই তরুণী ফেসবুকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এবং সেই সূত্রেই আলাপ শুরু হয়। কথা এগোনোর সঙ্গে সঙ্গে ওই তরুণীকে পুলিশে চাকরি করে দেওয়ার টোপ দেয় কানহা পাত্র। অভিযোগ, চাকরির নাম করে বিভিন্ন দফায় ওই তরুণীর কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করে সে।
দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না মেলায় সন্দেহ হয় তরুণীর। শেষ পর্যন্ত প্রতারিত হয়েছেন বুঝতে পেরে শনিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত কানহা পাত্র আসলে কোনও পুলিশ আধিকারিক নয়, বরং এক পেশাদার প্রতারক। এর আগেও একই ধরনের জালিয়াতির অভিযোগে সে পুলিশের হাতে ধরা পড়েছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং আরও কতজন এর শিকার হয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।