নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ, সোমবার বিকেলেই প্রকাশিত হতে চলেছে রাজ্যের ‘বিচারাধীন’ ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকার ধাঁচেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় নাম থাকা প্রায় ২৮ লক্ষ ভোটারের ভাগ্য আজ নির্ধারিত হতে চলেছে। তবে উদ্বেগের বিষয় হল, প্রাথমিক সূত্রের খবর অনুযায়ী নথিপত্র সংক্রান্ত ত্রুটির কারণে প্রায় ১০ লক্ষ ভোটারের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে।
কমিশন জানিয়েছে, তালিকা প্রকাশের পর তা প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) দপ্তরে পৌঁছে যাবে এবং বুথে বুথে সাধারণ মানুষের দেখার জন্য টাঙিয়ে দেওয়া হবে। বুথ লেভেল অফিসারদের (BLO) কাছেও এই তালিকার কপি থাকবে। এছাড়া ডিজিটাল মাধ্যমেও ভোটাররা নিজেদের নাম পরীক্ষা করতে পারবেন:
-
অনলাইন পদ্ধতি: ভোটারদের eci.voters.gov.in পোর্টালে গিয়ে মোবাইল নম্বর ও ওটিপি (OTP) দিয়ে লগ-ইন করতে হবে। এরপর এপিক (EPIC) নম্বর দিয়ে সহজেই তালিকায় নাম আছে কি না তা দেখে নেওয়া যাবে।
-
বিকল্প উপায়: কমিশনের ‘ইসিআই নেট’ (ECI Net) অ্যাপ বা পোর্টাল ব্যবহার করেও নাম যাচাই করা সম্ভব।
যাঁদের নাম এই অতিরিক্ত তালিকা থেকে বাদ যাবে, তাঁদের এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিচারকদের কাছে নথি গ্রহণযোগ্য না হওয়ায় যাঁদের নাম বাদ পড়ছে, তাঁরা নবগঠিত ১৯টি বিশেষ ‘ট্রাইবুনালে’ পুনরায় আবেদনের সুযোগ পাবেন। তালিকা প্রকাশের ঠিক পরেই এই আপিল প্রক্রিয়া শুরু করা যাবে বলে জানিয়েছে কমিশন। ভোটের মুখে এই বিশাল সংখ্যক ভোটারের ভাগ্য নিয়ে রাজনৈতিক মহলেও যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।