নিউজ ডেস্ক: আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় এবার নতুন ডিভিশন বেঞ্চ গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সিবিআই-এর করা আপিল এবং সঞ্জয়ের পাল্টা খালাসের আবেদনের শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চে। বৃহস্পতিবার নির্যাতিতার বাবা-মায়ের পক্ষে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায় নতুন এই বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানান। আদালত সূত্রে খবর, আগামী মঙ্গলবার এই মামলার শুনানি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে এই হাই-প্রোফাইল মামলাটি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। কিন্তু গত ১১ মার্চ ওই বেঞ্চ আচমকাই মামলা থেকে অব্যাহতি নেয়। সংশ্লিষ্ট বেঞ্চ জানিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার দ্রুত শুনানি ও নিষ্পত্তি করা তাঁদের পক্ষে সম্ভব নয়। এর পরেই প্রধান বিচারপতির হস্তক্ষেপে নতুন এই বেঞ্চ গঠিত হলো, যার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।
মামলাটির গুরুত্ব বিচার করে সিবিআই নিম্ন আদালতের দেওয়া সাজার পরিবর্তে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ প্রাণদণ্ড নিশ্চিত করতে মরিয়া। অন্যদিকে, অভিযুক্ত সঞ্জয় রায় নিজেকে নির্দোষ দাবি করে বেকসুর খালাসের আবেদন জানিয়েছে। একই সঙ্গে নির্যাতিতার বাবা-মা এই নৃশংস ঘটনার নেপথ্যে আরও কোনও গভীর ষড়যন্ত্র বা বড় কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পরবর্তী তদন্তের (Further Investigation) আবেদনও জানিয়েছেন।
আইনি মহলের মতে, বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই শুনানি শুরু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার এই মামলায় নয়া কোনও মোড় আসে কি না, সেদিকেই এখন নজর বিচারপ্রার্থী সাধারণ মানুষের। দীর্ঘ টানাপড়েনের পর বিচারপ্রক্রিয়া ফের গতি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে নির্যাতিতার পরিবার।