নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে অব্যবস্থা আর রোগী মৃত্যুকে কেন্দ্র করে যখন চারপাশ উত্তাল, ঠিক তখনই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। খোদ হাসপাতাল চত্বরেই ‘কর্মী’ পরিচয় দিয়ে এক ব্যক্তির পকেট থেকে ৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সিসিটিভি এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা একটি প্রথম সারির সরকারি হাসপাতালে দিনের আলোয় এই ধরনের ঘটনায় নতুন করে নিরাপত্তার ফাঁকফোকর প্রকট হয়ে পড়েছে।
ভুক্তভোগী আর এম মণ্ডল মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা। তিনি তাঁর এক আত্মীয়কে নিয়ে আরজি করের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসার জন্য এসেছিলেন। অভিযোগ, সোমবার সকাল ৮টা নাগাদ ট্রমা কেয়ারের পাশেই তাঁর পথ আটকায় এক ব্যক্তি। নিজেকে হাসপাতালের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ওই ব্যক্তি মণ্ডলের সঙ্গে আলাপ জমায়। কিছু বুঝে ওঠার আগেই অত্যন্ত কৌশলে তাঁর পকেট থেকে নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই ভুয়ো কর্মী।
২০২৪ সালের অগস্টের ঘটনার পর আদালতের নির্দেশে আরজি করে বর্তমানে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে একজন বহিরাগত ‘কর্মী’ সেজে ছিনতাই করার সাহস পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারাকপুর থেকে আসা অলোক দত্তের মতো রোগীর পরিজনরা। ভুক্তভোগী ব্যক্তি ইতিমধ্যেই টালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যদিও সোমবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার খামতির কথা অস্বীকার করলেও, দিনের বেলা এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।