নিউজ ডেস্ক: বাবার বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে না পেরে প্রতিবেশী এক মহিলাকে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বুধবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ গ্রামের কামারপাড়ায় এই শিউরে ওঠা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুচিত্রা মিস্ত্রি ওরফে ফেন্সি মিস্ত্রি (৪৫)। এই ঘটনায় অভিযুক্ত যুবক পিন্টু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা মিলন মণ্ডলকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে সুচিত্রাদেবীর স্বামী মারা যান। এরপর প্রতিবেশী মিলন মণ্ডলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের একটি পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে এর আগেও একাধিকবার বিবাদ হয়েছে। মঙ্গলবার এলাকায় রটে যায় যে, মিলন ও সুচিত্রা গোপনে বিয়ে করেছেন। এই খবর জানাজানি হতেই অভিযুক্ত পিন্টু মণ্ডল সুচিত্রাদেবীর বাড়িতে গিয়ে তাঁকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ।

বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন পেশায় পরিচারিকা সুচিত্রাদেবী। সেই সময় কায়েতপাড়ার কাছে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। উদ্ধারকারী প্রতিবেশীদের দাবি, মহিলার শরীরে নৃশংস আঘাতের চিহ্ন ছিল। লাঠিপেটা করে তাঁর দুই হাত ও পা ভেঙে দেওয়া হয়েছিল এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগও ছিল। গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার ছেলে সন্দীপ মিস্ত্রির অভিযোগ, “মঙ্গলবার সকালেই পিন্টু বাড়িতে এসে হুমকি দিয়েছিল যে ২৪ ঘণ্টার মধ্যে মাকে মেরে ফেলবে। আমার মা আর ওর বাবার সম্পর্কের জেরেই এই খুন।” বৃহস্পতিবার দুপুরে পিন্টু মণ্ডলের নামে কান্দি থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করেছেন সন্দীপ। ঘটনার পর থেকেই অভিযুক্তের বাড়িতে তালা ঝুলছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Share on Social Media