নিউজ ডেস্ক: দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান। অবশেষে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চালু হলো বহু প্রতিক্ষিত ব্লাড ব্যাঙ্ক। শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এর ফলে শান্তিপুর ও সংলগ্ন এলাকার কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের হয়রানি মিটতে চলেছে। রক্তের অভাবে আর কোনও রোগীর পরিবারকে হন্যে হয়ে জেলা হাসপাতাল বা কলকাতায় ছুটতে হবে না।
শান্তিপুরে ব্লাড ব্যাঙ্ক তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। ২০২১ সালে বিধায়ক হওয়ার পর থেকেই এই কাজকে ব্যক্তিগত ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিয়েছিলেন ব্রজকিশোর গোস্বামী। বিধায়ক ঘনিষ্ঠদের দাবি, এই প্রকল্পের অনুমোদনের জন্য গত কয়েক বছরে অন্তত ২৩ বার স্বাস্থ্য ভবনে গিয়েছেন তিনি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক একটি তাৎপর্যপূর্ণ মুহূর্তের কথা স্মরণ করেন। তিনি জানান, বিধানসভার শেষ অধিবেশনে শান্তিপুরের জরুরি সমস্যা নিয়ে কথা বলার জন্য মাত্র ৩০ সেকেন্ড সময় পেয়েছিলেন তিনি। সেই অল্প সময়েই তিনি ব্লাড ব্যাঙ্কের গুরুত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরেন। মুখ্যমন্ত্রীও তাঁকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন।
উল্লেখ্য, শান্তিপুরে ব্লাড ব্যাঙ্ক চেয়ে সম্প্রতি একাধিক সামাজিক সংগঠন আন্দোলনে নেমেছিল। বিধায়ককে স্মারকলিপিও দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ব্লাড ব্যাঙ্ক না থাকায় এক ইউনিট রক্ত পেতে কালঘাম ছুটে যেত রোগীর পরিজনদের। অনেক সময় রক্তের অভাবে জীবনসঙ্কটও তৈরি হতো।
বিধায়ক এদিন আশ্বস্ত করে বলেন, “শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আগামী দিনে আরও আধুনিক চিকিৎসা পরিষেবার সুযোগ তৈরি করা হবে। জরুরি প্রয়োজনে যাতে এখানকার মানুষকে বারবার কলকাতামুখী হতে না হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।” ব্লাড ব্যাঙ্কটি চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে খুশির হাওয়া।