নিউজ ডেস্ক: নির্বাচনের মুখে বারুইপুরে ফের সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ বাজি কারবারিরা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বারুইপুর থানার পুলিশ সোলগোয়ালিয়া এলাকায় একটি বাড়ির দোতলা থেকে উদ্ধার করল প্রায় ১০০ কেজি নিষিদ্ধ চকোলেট বোমা। এর পাশাপাশি প্রচুর পরিমাণে বাজি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক মহেন্দ্র সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নির্বাচনের প্রাক্কালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বারুইপুর পুলিশ জেলা জুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বুধবার রাতে সোলগোয়ালিয়ার ওই বাড়িতে নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখা হয়েছে বলে খবর পায় পুলিশ। এরপরই সেখানে অতর্কিতে হানা দিয়ে দেখা যায়, দোতলার একটি ঘরে থরে থরে সাজানো রয়েছে বস্তাবন্দি চকোলেট বোমা। বিপুল পরিমাণ এই নিষিদ্ধ বাজি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, এর আগেও বারুইপুর পুলিশ জেলার হাড়াল এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ভোটের সময় শব্দবাজির চাহিদা বাড়ায় এবং পুলিশের নজরদারি এড়াতে বসতবাড়িতে এই সব বাজি মজুত করা হচ্ছিল। ধৃত মহেন্দ্র সর্দারকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তাদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। বারুইপুর পুলিশ জেলার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, অবৈধ বাজি ও বিস্ফোরক উদ্ধারে তাঁদের এই বিশেষ অভিযান আগামী দিনেও জারি থাকবে।