নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে বড়সড় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। বিহার থেকে মালদহে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী। ধৃতদের নাম সুখদেব শাহ, অমিত কুমার শাহ, গণেশ মাহালদার, মহম্মদ রিয়াজুল ও মহম্মদ আমন। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই বিহারের কাটিহার জেলার বাসিন্দা এবং তাদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে।
নির্বাচন কমিশনের নির্দেশে বর্তমানে রাজ্যজুড়ে কড়া নাকা চেকিং চলছে। বিশেষ করে আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ মালদহের চাঁচল থানার অন্তর্গত বিহার সীমান্তের নলকুঠিয়া এলাকায় এমনই একটি নাকা তল্লাশি চলছিল। সেই সময় একটি সন্দেহভাজন দলকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল, দুটি দেশি কাট্টা এবং চার রাউন্ড তাজা কার্তুজ।
মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে এই অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যেই বিহার থেকে এরাজ্যে আনা হয়েছিল। ভোটের আবহে কাউকে ভয় দেখানো বা কোনও অশান্তি পাকানোর জন্য এই আগ্নেয়াস্ত্রগুলো আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই পাচার চক্রের নেপথ্যে আরও বড় কোনও মাথা কাজ করছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনের মুখে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।