নিউজ ডেস্ক: বীরভূমের বোলপুর শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে সোমবার এক নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হল। এক ছাত্রীকে মারধরের অভিযোগ এবং দীর্ঘদিন ধরে চলা চরম শিক্ষক-সংকটের প্রতিবাদে এদিন সকাল থেকেই পঠনপাঠন বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অভিযুক্ত লাইব্রেরিয়ান শিক্ষককে উত্তেজিত অভিভাবকদের হাতে গণধোলাই খেতে হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত বোলপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় তাদের পড়াশোনা কার্যত লাটে উঠেছে। বিশেষ করে নবম ও দশম শ্রেণির জীবন বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাস মাসের পর মাস হয় না। সঠিক সময়ে পরীক্ষা নেওয়া বা খাতা দেখার ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম চলছে। এদিন সমস্যা আরও জটিল হয় যখন লাইব্রেরিতে প্রবেশ করতে যাওয়া এক ছাত্রীর সঙ্গে লাইব্রেরিয়ান দুর্ব্যবহার করেন এবং তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এই খবর চাউর হতেই স্কুলের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্রীরা অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে অভিভাবকরাও স্কুলে হাজির হন। অভিযোগ, পুলিশের সামনেই অভিযুক্ত লাইব্রেরিয়ানকে মারধর করা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা এই চরম অব্যবস্থার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা দপ্তরে বারবার আবেদন জানানো হলেও কোনও সুরাহা হয়নি। আগের প্রধান শিক্ষিকারাও একই দাবি জানিয়েছিলেন। বোলপুর থানার পুলিশ জানিয়েছে, আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও স্কুলের পঠনপাঠন স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।