নিউজ ডেস্ক: সীমান্ত শহর বনগাঁর এক সাধারণ বাসিন্দার আড়ালে লুকিয়ে ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল? গুজরাতের স্কুল ও আদালতে আসা একের পর এক বোমাতঙ্কের ইমেল তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল আমেদাবাদ পুলিশের ডিটেকশন অব ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার সেল। গত শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে গ্রেফতার করা হয়েছে সৌরভ বিশ্বাস ওরফে মাইকেল বিশ্বাস নামে এক যুবককে। ধৃতকে ১৪ দিনের ট্রানজিট রিমান্ডে নিজেদের হেফাজতে নিয়েছে গুজরাত পুলিশ।
তদন্তকারীদের দাবি, ধৃত সৌরভ আসলে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। প্রায় তিন বছর আগে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সে। নিউ বারাকপুর এলাকায় আস্তানা গেড়ে জাল নথি দিয়ে তৈরি করে আধার, ভোটার কার্ড ও প্যান কার্ড। এমনকি ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলেছিল সে। পরে গোপালনগরে পাকাপাকিভাবে বাড়ি তৈরি করে একটি সাইবার ক্যাফে খুলে বসে সৌরভ। অভিযোগ, এই ক্যাফের আড়ালেই চলত পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট নাশকতার ছক।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক একজন পেশাদার হ্যাকার। সে সাধারণ মানুষের ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে মাত্র ৩ ডলারের বিনিময়ে বাংলাদেশি চক্রের কাছে বিক্রি করত। সেই হ্যাক করা অ্যাকাউন্ট থেকেই দেশের অন্তত আটটি রাজ্যে বোমাতঙ্কের ভুয়ো ইমেল পাঠানো হতো। পরিচয় গোপন রাখতে ব্যবহার করা হতো ভিপিএন (VPN) এবং এনক্রিপশন প্রযুক্তি। তবে শেষরক্ষা হয়নি। গুগল ও প্রোটন মেইল কর্তৃপক্ষের সহায়তায় ওয়াই-ফাই ডাটা বিশ্লেষণ করে তদন্তকারীরা নিশ্চিত হন যে, এই সমস্ত ইমেলের উৎস বনগাঁ।
গোয়েন্দারা মনে করছেন, ভারতে অস্থিরতা ও আতঙ্ক তৈরি করতেই আইএসআই এই বাংলাদেশি চক্রটিকে ব্যবহার করছে। ধৃত সৌরভকে জেরা করে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।