নিউজ ডেস্ক: মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে চলেছে ভারত। আগামী ৩ মার্চ, ২০২৬ তারিখে দেশের আকাশে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। প্রায় ২৫ মিনিট ধরে দৃশ্যমান থাকবে এই বিরল দৃশ্য। গ্রহণের সময় চাঁদ এক মায়াবী লাল আভা ধারণ করবে, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘ব্লাড মুন’ বা রক্তচন্দ্র। বিজ্ঞানীদের মতে, এই পর্যায়ের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এরপর ২০২৯ সালের আগে আর দেখা যাবে না, ফলে এবারের ঘটনা নিয়ে উৎসাহ তুঙ্গে।
জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে এবং পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের ওপর পড়ে, তখনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে। গ্রহণের মূল পর্ব শুরু হবে বিকেল ৩টে ২০ মিনিটে এবং চলবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত। তবে ভারতের বিভিন্ন শহরে চন্দ্রোদয়ের সময়ের ওপর ভিত্তি করে গ্রহণের স্থায়িত্ব হবে ভিন্ন ভিন্ন। কলকাতায় বিকেল ৫টা ৪৩ মিনিটে চন্দ্রোদয়ের সঙ্গে সঙ্গেই গ্রহণ দেখা যাবে এবং এখানে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট এই দৃশ্য উপভোগ করতে পারবেন আকাশপ্রেমীরা।
দিল্লিতে গ্রহণ দৃশ্যমান হবে মাত্র ২৫ মিনিট। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের শহরগুলিতে দীর্ঘ সময় রক্তচন্দ্র দেখা যাবে; যার মধ্যে ইম্ফলে ১ ঘণ্টা ২৮ মিনিট এবং ইটানগরে ১ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই মহাজাগতিক দৃশ্য। পাটনা, চেন্নাই এবং হায়দরাবাদেও ভিন্ন ভিন্ন সময়ে দেখা যাবে এই পূর্ণগ্রাস গ্রহণ। ২০২৯ সালের আগে এমন বিরল সুযোগ আর আসবে না বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞান অনুরাগীরা।