নিউজ ডেস্ক: এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে ঘিরে বিধানসভা ভোটের মুখে চরম আইনি জটিলতা তৈরি হয়েছে। রেলের চাকরি থেকে যথাযথভাবে অব্যাহতি পাওয়ার আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান এবং রাজগঞ্জ আসন থেকে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন এই তারকা অ্যাথলিট। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি গৌরাঙ্গ কান্থে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, স্বপ্নাকে নিজের ভুল স্বীকার করে রেল কর্তৃপক্ষকে নতুন করে চিঠি দিতে হবে।
২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জেতার পর ২০২০ সালে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে ‘স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর’ পদে যোগ দিয়েছিলেন স্বপ্না। অভিযোগ উঠেছে, সরকারি চাকরিতে ইস্তফা না দিয়েই তিনি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, যা সরাসরি শৃঙ্খলাভঙ্গের শামিল। স্বপ্নার আইনজীবী নিলয় চক্রবর্তীর দাবি, গত ১৬ মার্চ তিনি ইস্তফা দিলেও রেল তা মঞ্জুর করেনি। এই জটিলতা কাটাতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়েছিল।
আদালত সূত্রে খবর, এর আগে স্বপ্না একটি চিঠি দিলেও তা বিচারপতির নির্দেশ অনুযায়ী যথাযথ ছিল না। ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার জানিয়েছেন, আদালতের নির্দেশ ছিল যে স্বপ্নাকে তাঁর ভুল স্বীকার করতে হবে, রেলের থেকে নেওয়া সুযোগ-সুবিধা বা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে এবং তবেই রেল তাঁর অব্যাহতির বিষয়টি বিবেচনা করবে। কিন্তু আগের চিঠিতে এই শর্তগুলি মানা হয়নি। ফলে শুক্রবারের শুনানির আগে ফের নতুন করে আলিপুরদুয়ার ডিআরএম অফিসে আইনজীবীর মাধ্যমে চিঠি জমা দিয়েছেন স্বপ্না। এখন দেখার, শুক্রবারের শুনানিতে তাঁর প্রার্থীপদ নিয়ে জট কাটে কি না।