অবশেষে কাটল দীর্ঘ প্রতীক্ষার প্রহর। উত্তর মালদাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে মালদা টাউন-নিউ জলপাইগুড়িগামী ট্রেনের স্থায়ী স্টপেজ পেল এলাকার চারটি গুরুত্বপূর্ণ স্টেশন। শনিবার আনুষ্ঠানিকভাবে শ্রীপুর রোড স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে এই নতুন স্টপেজগুলির শুভ উদ্বোধন করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। রেলের এই সিদ্ধান্তে খুশির হাওয়া উত্তর মালদার বিস্তীর্ণ জনপদে।
শনিবার সকাল থেকেই উত্তর মালদার স্টেশনগুলিতে ছিল উৎসবের আমেজ। এদিন শ্রীপুর রোড ছাড়াও হরিশ্চন্দ্রপুর, ভালুকা রোড ও মালাহার— এই চারটি স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্থায়ী স্টপেজের সূচনা করা হয়। সাংসদ খগেন মুর্মু জানান, এখন থেকে ট্রেনটি নিয়মিত এই স্টেশনগুলিতে দাঁড়াবে। এর ফলে উত্তর মালদার কয়েক লক্ষ মানুষ সরাসরি শিলিগুড়ি ও মালদা টাউনের সঙ্গে যুক্ত হতে পারবেন। বিশেষ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাতায়াতকারী ছাত্রছাত্রী ও রোগীদের জন্য এই যোগাযোগ ব্যবস্থা আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
এদিন উদ্বোধনী মঞ্চ থেকে এলাকার রেল পরিকাঠামো নিয়ে আরও একগুচ্ছ আশার কথা শুনিয়েছেন সাংসদ। তিনি জানান, বিশেষত শ্রীপুর স্টেশনের প্ল্যাটফর্ম সংক্রান্ত সমস্যা দ্রুত মেটানো হবে এবং দুই দিকেই নতুন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলের এই সিদ্ধান্তে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। স্থানীয় বাসিন্দাদের মতে, এতদিন এনজেপি বা মালদা যাওয়ার জন্য বিকল্প পরিবহণের ওপর চড়া দামে নির্ভর করতে হতো, এখন ট্রেনের স্টপেজ মেলায় সময় ও খরচ— দুই-ই বাঁচবে।