নিউজ ডেস্ক: রঙের উৎসবের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। বুধবার বিকেলে কোচবিহার ১ ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন মানসাই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটা এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে পরিবারের সঙ্গে দোল খেলার পর বন্ধুদের সঙ্গে মানসাই নদীতে স্নান করতে গিয়েছিল ওই কিশোর। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কিশোরদের একটি দল একসঙ্গে নদীতে নামে এবং সাঁতরে ওপারে যাওয়ার চেষ্টা করে। বাকিরা সফলভাবে নদী পার হতে পারলেও, ওই কিশোর মাঝ নদীতে হঠাৎই তলিয়ে যায়। চোরাস্রোতে তাকে তলিয়ে যেতে দেখে বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
তৎক্ষণাৎ নদীতে তল্লাশি শুরু করেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় জল থেকে ওই কিশোরের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দোলের দিন পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। নদীর জলস্তর বেড়ে যাওয়া না কি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।