নিজস্ব সংবাদদাতা, কলকাতা: তিলোত্তমার নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন। কসবায় রাতের কলকাতায় এক যুবতীকে চলন্ত গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠল। শুক্রবার রাতে নিউ বালিগঞ্জ রোডের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শনিবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। তাঁর বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই কালিকাপুর এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ কাজ সেরে ফেরার পথে একটি কালো রঙের চারচাকা গাড়ি ওই যুবতীর পথ আটকায়। অভিযোগ, গাড়িতে থাকা পাঁচ যুবক তাঁকে জোরপূর্বক অপহরণ করে এবং চলন্ত গাড়ির ভেতরেই তাঁর শ্লীলতাহানি করা হয়। নিগৃহীতা জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে দু’জন তাঁর পরিচিত হলেও বাকি তিন জন অজ্ঞাতপরিচয়। শ্লীলতাহানির পর তাঁকে রাস্তায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।
প্রসঙ্গত, কসবা এলাকায় একের পর এক অপরাধমূলক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। গত রবিবারই এই এলাকা থেকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি গত বছর স্থানীয় একটি আইন কলেজে গণধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছিল প্রভাবশালী ছাত্রনেতার। একের পর এক শ্লীলতাহানি এবং অপরাধের ঘটনায় কসবার নিরাপত্তা নিয়ে রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন শহরবাসী। এই ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের হদিস পাওয়ার চেষ্টা করছে লালবাজার।