নিউজ ডেস্ক: খেজুর ও চিকিৎসা সামগ্রীর প্যাকেটে লুকিয়ে পাচার হচ্ছিল বিপুল মাদক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ইটাহারের গোঠলু এলাকায় জাতীয় সড়কের ধার থেকে গ্রেপ্তার করা হয়েছে মালদহের দুই যুবককে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় দুই কেজি ব্রাউন সুগার ও একটি ছোট চারচাকা গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ। আদালত তাদের আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।
গোপন অভিযান ও মাদক উদ্ধার: মঙ্গলবার বিকেলে বৈষ্ণবনগর থানা এলাকার দুই যুবক খেজুর ও চিকিৎসা সামগ্রীর প্যাকেটে মাদক লুকিয়ে গোঠলু এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ছোট গাড়িতে দাঁড়িয়ে ছিল। খবর পেয়েই আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে ইটাহার পুলিশের একটি দল সেখানে হানা দেয়। গাড়িটি আটক করে জিজ্ঞাসাবাদের সময় যুবকদের কথায় অসঙ্গতি পাওয়ায় সন্দেহ বাড়ে তদন্তকারীদের। গাড়িতে তল্লাশি চালিয়ে ২০টি প্যাকেটে প্রায় দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকা।
পাচারের ছক ও তদন্ত: প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই মাদক ইটাহার, রায়গঞ্জ ও ইসলামপুর সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির ছক ছিল ধৃতদের। পাশাপাশি, উত্তর দিনাজপুর রুট ধরে পার্শ্ববর্তী বিহারেও ব্রাউন সুগার পাচারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা। পুলিশ জানিয়েছে, ধৃত নাসির মিঞা ও ইব্রাহিম মালদহ জেলার বৈষ্ণবনগর থানার মালতীপুর ও গোলাবাড়ি এলাকার বাসিন্দা।
মালদহ থেকে মাদকের জাল: জানা গিয়েছে, কালিয়াচক থেকে পার্শ্ববর্তী উত্তর, দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে নিষিদ্ধ মাদক। মালদহ জেলা পুলিশ মাদক বিরোধী অভিযানে সাফল্য পেলেও ব্রাউন সুগারের কারবার কমছে না। চলতি বছর মালদহ থেকে উত্তর দিনাজপুর জেলায় মাদক বিক্রি করতে এসে ইটাহার, রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন থানা এলাকায় গ্রেপ্তার হয়েছে অনেকেই। ফের কালিয়াচক থেকে মাদক কিনে ইটাহার সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসে গ্রেপ্তার হল দুই যুবক।