নিউজ ডেস্ক: গবেষণার কাজে ব্যবহৃত অত্যন্ত বহুমূল্য দু’টি প্ল্যাটিনামের গ্লাস চুরির অভিযোগে শোরগোল পড়ল যাদবপুরের কাউন্সিল অব সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রিসার্চে (CSIR)। প্রায় কুড়ি লক্ষ টাকা মূল্যের ওই সামগ্রী চুরির অভিযোগে অর্ণব সর্দার নামে এক চুক্তিভিত্তিক কর্মীকে নরেন্দ্রপুর থেকে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ। ধৃত অর্ণব গত দশ বছর ধরে ওই সংস্থায় কাজ করছিল বলে জানা গিয়েছে।
পুলিশ ও সিএসআইআর কর্তৃপক্ষ সূত্রে খবর, ল্যাবরেটরিতে ধাতু পরীক্ষার জন্য প্ল্যাটিনামের ওই বিশেষ গ্লাস দু’টি রাখা ছিল। জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই সেগুলির হদিশ মিলছিল না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও প্রথমে কোনও সূত্র মেলেনি। তবে তদন্তকারীদের নজরে আসে, ল্যাবরেটরির দীর্ঘদিনের কর্মী অর্ণব আচমকাই কাজ ছেড়ে দিয়েছে এবং রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। সন্দেহ দানা বাঁধতেই ফেব্রুয়ারি মাসে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কর্তৃপক্ষ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অর্ণব ওই ল্যাবরেটরির খুঁটিনাটি জানত। প্ল্যাটিনামের পাত্র দু’টি যে বহুমূল্য, সেই খবরও ছিল তার কাছে। দেনার দায়ে জর্জরিত অর্ণব সেগুলি হাতিয়ে চড়া দামে বিক্রি করে টাকা রোজগারের ছক কষেছিল। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, সে চুরির পর বিভিন্ন গবেষকের কাছে গ্লাস দু’টি বিক্রির চেষ্টা করেছিল। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় কেউ তা কিনতে চাননি।
সোমবার ধৃত অর্ণবকে আলিপুর আদালতে তোলা হলে সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান পুলিশি হেফাজতের আবেদন জানান। তিনি আদালতকে বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে চুরিতে জড়িত থাকার জোরালো প্রমাণ মিলেছে। এই বিপুল পরিমাণ সামগ্রী কোথায় লুকানো আছে, তা জানতে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন।” বিচারক সওয়াল শুনে অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ল্যাবরেটরির ভেতরে অর্ণবের সঙ্গে আর কেউ এই চক্রে জড়িত কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।