নিউজ ডেস্ক: ডিউটিতে আসার কথা ছিল সকালে। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও দেখা মেলেনি তাঁর। সহকর্মীদের উদ্বেগের মাঝেই উদ্ধার হল রানাঘাট পুলিশ জেলার সাব-ইন্সপেক্টর সুমন মণ্ডলের (৪১) ঝুলন্ত দেহ। শনিবার সকালে হাঁসখালি থানার বগুলা ফাঁড়ির অদূরে একটি ভাড়া বাড়ি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে পুলিশ মহলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সুমনবাবুর আদি বাড়ি উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে। কর্মসূত্রে তিনি বগুলা ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং বাজারের কাছেই একটি বাড়িতে একাই ভাড়া থাকতেন। এদিন সকালে নির্দিষ্ট সময়ে কাজে যোগ না দেওয়ায় সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন। শেষে ফাঁড়ির এক সিভিক ভলান্টিয়ার ওই ভাড়া বাড়িতে গিয়ে দেখেন, ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় রয়েছেন ওই পুলিশ আধিকারিক। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুমনবাবু আত্মঘাতী হয়েছেন। তবে ঠিক কী কারণে এক জন পুলিশ আধিকারিক এমন চরম পথ বেছে নিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পারিবারিক কোনও অশান্তি নাকি পেশাগত মানসিক অবসাদ— সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুমনবাবুর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে প্রশাসন।