নিউজ ডেস্ক: ছুটির দিনের পড়ন্ত বিকেলে ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের দিনহাটা। ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায় কাজ সেরে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পাঁচজন পাথর শ্রমিক। লোহার লিফট মেশিন সরানোর সময় সেটি হাইটেনশন তারের সংস্পর্শে আসায় এই মর্মান্তিক পরিণতি ঘটে। ঘটনায় আরও ৩ জন শ্রমিক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোয়ালিদহ এলাকার একটি স্টোন চিপস তৈরির কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক কর্মরত ছিলেন। কাজ শেষে ৮-৯ জন শ্রমিক মিলে একটি বিশাল লোহার লিফট মেশিন সরানোর চেষ্টা করছিলেন। সেই সময় মেশিনের উপরিভাগ কারখানার ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারে ঠেকে যায়। লোহা বিদ্যুতের পরিবাহী হওয়ায় মুহূর্তের মধ্যে গোটা মেশিনে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং পাঁচজন শ্রমিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। মৃতরা হলেন— মুকুল বর্মন, দীপক সেন, সঞ্জয় বর্মন, মিঠুন বর্মন এবং সুমন রায়।
এই ঘটনার পর কারখানার বৈধতা এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কারখানার ধুলোয় এলাকায় টেকা দায় হওয়ার পাশাপাশি শ্রমিকদের সুরক্ষার কোনও বালাই ছিল না। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং কারখানার পরিকাঠামোগত কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।