নিউজ ডেস্ক: রঙের উৎসবে সাধারণ যাত্রীদের যাতায়াতে বড়সড় কোপ। আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে হাওড়া এবং শিয়ালদহ— দুই বিভাগেই একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দোলের দিন সকালে যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় অনেকটাই কম থাকে, তাই প্রতি বছরের মতো এবারও পরিষেবায় কাটছাঁট করা হচ্ছে।
পূর্ব রেলের দেওয়া তথ্য অনুযায়ী, দোলের দিন হাওড়া বিভাগে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে হাওড়া-বর্ধমান মেন লাইনে ৫টি এবং কর্ড লাইনে ১৩টি ট্রেন চলবে না। এছাড়াও হাওড়া-ব্যান্ডেল শাখায় ১৫টি, হাওড়া-শেওড়াফুলি শাখায় ১০টি এবং হাওড়া-তারকেশ্বর শাখায় ৮টি ট্রেন বাতিলের তালিকায় রয়েছে। শুধু তাই নয়, নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর এবং বর্ধমান-কাটোয়া শাখাতেও একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, শিয়ালদহ বিভাগেও দোলের দিন রেল পরিষেবা সংকুচিত করা হচ্ছে। এমনকি এসি লোকালও ওই দিন ট্র্যাকে নামবে না। তবে ৪ মার্চ অর্থাৎ বুধবার হোলির দিন শিয়ালদহ বিভাগে ট্রেনের সূচিতে বিশেষ বদল আনা হয়েছে। রেল জানিয়েছে, বুধবার শিয়ালদহ শাখায় লোকাল ট্রেনগুলি রবিবার বা ছুটির দিনের সময়সূচি মেনে চলাচল করবে। ফলে সপ্তাহের মাঝে অফিসযাত্রীদের বুধবার কিছুটা দুর্ভোগ পোহাতে হতে পারে।