নিউজ ডেস্ক: নতুন গাড়ি শোরুম থেকে বের করে পেট্রল পাম্পে তেল ভরতেই বিপত্তি। ডোমজুড়ের সলপ এলাকায় একটি পেট্রল পাম্পে পেট্রলের সঙ্গে মাত্রাতিরিক্ত জল মেশানোর অভিযোগে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল জাতীয় সড়ক সংলগ্ন এলাকা। এক মহিলার নতুন চার চাকার গাড়ি পাম্প থেকে তেল নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়লে এই জালিয়াতি সামনে আসে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি সামাল দিতে বাঁকড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে নামতে হয়।
ভুক্তভোগী ওই মহিলার দাবি, রবিবার দুপুরে সলপের একটি শোরুম থেকে নতুন গাড়িটি কিনে তিনি পাম্পে তেল ভরতে যান। কিন্তু তেল ভরে গাড়িটি স্টার্ট দিয়ে সামান্য এগোতেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সন্দেহ হওয়ায় শোরুমের চালকের সহায়তায় গাড়ির ট্যাঙ্ক থেকে তেল বের করে একটি বোতলে ভরা হয়। দেখা যায়, সংগৃহীত তরলের প্রায় ৯০ শতাংশই জল আর মাত্র ১০ শতাংশ পেট্রল! খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাম্পের নজেল থেকে নমুনা সংগ্রহ করলে সেখানেও পেট্রলের তুলনায় জলের আধিক্য লক্ষ্য করা যায়।
এই খবর জানাজানি হতেই পাম্পে আসা অন্যান্য বাইক ও গাড়িচালকরাও বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, এই পাম্পে আগেও তেলের সঙ্গে জল মেশানো এবং পেট্রলে কেরোসিনের গন্ধ পাওয়ার মতো ঘটনা ঘটেছে। উত্তেজনা বাড়লে পুলিশ পাম্পের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়। পাম্প কর্তৃপক্ষের দাবি, কীভাবে তেলের ট্যাঙ্কে জল ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি পরীক্ষার জন্য তেল সরবরাহকারী সংস্থার ইঞ্জিনিয়ারদের তলব করা হয়েছে। সলপ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।