নিউজ ডেস্ক: রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন-র (Nabanna) নিরাপত্তা বজায় রাখতে গিয়ে সাধারণ মানুষের বসতবাড়িতে ‘অমানবিক’ শর্ত চাপাতে পারে না পুলিশ। এক ঐতিহাসিক রায়ে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। নবান্নের দিকে মুখ করে জানলা রাখা যাবে না বা ছাদের ওপর ১০ ফুটের পাঁচিল তুলতে হবে— প্রশাসনের দেওয়া এই ধরণের একাধিক কঠিন শর্ত খারিজ করে দিলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। আদালতের এই রায়ে বড়সড় স্বস্তি পেলেন নবান্ন সংলগ্ন এলাকার সাধারণ বাসিন্দা ও নির্মাণকারীরা।
পুলিশের ১৭ দফা শর্ত ও বিতর্ক: নবান্ন ‘হাই সিকিউরিটি জোন’ হওয়ার কারণে ২০১৯ সালে লালবাজারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে নবান্নের আশেপাশে বাড়ি তৈরির জন্য ১৭ দফা শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল— নবান্নের দিকে কোনও জানলা বা বারান্দা রাখা যাবে না, বাড়ির ছাদে ১০ ফুট উঁচু দেওয়াল তুলতে হবে যাতে নবান্ন দেখা না যায় এবং কাকে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে তাঁর অপরাধমূলক অতীত আছে কি না তা খতিয়ে দেখতে হবে। এই শর্তগুলি পূরণ না করলে হাওড়া পুরসভা নকশা অনুমোদন দিচ্ছিল না বলে অভিযোগ।
আদালতে সওয়াল: হাওড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায় লেনের এক বাসিন্দা নিজের পাঁচ তলা বাড়ির নকশা অনুমোদন করতে গিয়ে এই আইনি জটে পড়েন। তাঁর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে প্রশ্ন তোলেন, নিরাপত্তার দোহাই দিয়ে কি কারও মৌলিক অধিকার বা বাড়ির আলো-বাতাস বন্ধ করে দেওয়া যায়? প্রশাসন কি ঠিক করে দেবে নাগরিকের শোবার ঘরের জানলা কোন দিকে হবে?
হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায়: বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ স্পষ্ট জানায়, নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলেও তা আইনের সীমার মধ্যে থাকা উচিত। আদালতের পর্যবেক্ষণ:
-
ছাদে ১০ ফুটের দেওয়াল তুললে বাড়ির আলো-বাতাস বন্ধ হয়ে যাবে, যা নাগরিকের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
-
জানলা বা বারান্দা তৈরিতে নিষেধাজ্ঞা জারি করা ‘অমানবিক’।
-
কে ফ্ল্যাট কিনবেন বা কার বাড়িতে কে থাকবেন, তা নির্ধারণ করা পুলিশের কাজ নয়। এটি ক্রেতা ও বিক্রেতার ব্যক্তিগত বিষয়।
পুলিশের দেওয়া ‘ক্রাইম ইনসিডেন্ট ভেরিফিকেশন’-সহ এই বিতর্কিত শর্তগুলিকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে আদালত। এর ফলে দীর্ঘ সাত বছর ধরে ঝুলে থাকা ওই আবাসনটির নকশা অনুমোদনে আর কোনও বাধা রইল না। আইনজ্ঞদের মতে, এই রায় আগামী দিনে হাই সিকিউরিটি জোনে ব্যক্তিগত নির্মাণ সংক্রান্ত আইনি লড়াইয়ে বড় নজির হয়ে থাকবে।