নিউজ ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। এবার সেই তালিকার গেরোয় পড়ে চরম দুশ্চিন্তায় সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের একটি পরিবার। দীর্ঘ কয়েক দশক ধরে এলাকায় বসবাস করলেও, নতুন তালিকায় একই পরিবারের তিন ভাইয়ের নাম রহস্যজনকভাবে বাদ যাওয়ায় দিশাহারা অবস্থা তাঁদের।
রাজপুর সোনারপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মিলন পল্লি এলাকার বাসিন্দা রাজকুমার সাউ এবং মঞ্জু সাউ। প্রকাশিত নতুন ভোটার তালিকায় এই দম্পতির নাম বহাল থাকলেও, ব্রাত্য থেকে গেছেন তাঁদের তিন সন্তান। পরিবারের তিন ছেলে— রজত সাউ, মনিষ সাউ এবং শুভম সাউয়ের নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁরা বাম আমলের আগে থেকেই সোনারপুরের মিলন পল্লি এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে পরিবারের তিন ছেলের কেউ ব্যবসা করেন, আবার কেউ বেসরকারি সংস্থায় কর্মরত। এই পরিস্থিতিতে কাজ ফেলে কোথায় গেলে আবার নাম তোলা যাবে, বা আদৌ ২০২৬-এর নির্বাচনে তাঁরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন সাউ পরিবার।
সাউ পরিবারের সদস্যরা ক্ষোভ উগরে দিয়ে জানান, “আমরা বংশানুক্রমে এখানে আছি। বাবা-মায়ের নাম থাকল, অথচ আমাদের তিন ভাইয়ের নাম কাটা গেল কীভাবে, তা আমাদের বোধগম্য হচ্ছে না।” স্থানীয়দের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় জেলায় প্রচুর মানুষের নাম রহস্যজনকভাবে বাদ পড়ছে, যা সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি করছে। ভোটের আগে এই ত্রুটি সংশোধন না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়দের একাংশ।