নিউজ ডেস্ক: শিয়ালদহ ডিভিশনের অন্যতম ব্যস্ত জংশন নৈহাটি। প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রীর পাশাপাশি বড়মার মন্দিরে পুজো দিতে আসা অগণিত ভক্তের ভিড়ে ঠাসা থাকে এই স্টেশন। কিন্তু আধুনিক যাত্রী পরিষেবার অভাব নিয়ে এবার সরব হলেন স্থানীয় বিধায়ক সনৎ দে। নৈহাটি স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি (Escalator) ও লিফট বসানোর দাবি জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছেন তিনি। বিশেষ করে বয়স্ক, শিশু এবং বিশেষভাবে সক্ষম মানুষদের যাতায়াতের সুবিধার্থেই এই আবেদন।
১ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে চরম দুর্ভোগ: বর্তমানে নৈহাটি স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি চলমান সিঁড়ি থাকলেও, বিধায়কের অভিযোগ সেটি অধিকাংশ সময় বন্ধ থাকে। সবথেকে বড় সমস্যা হয় ১ নম্বর এবং ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে। বড়মার মন্দিরে যেতে গেলে ১ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা আবশ্যিক। শিয়ালদহ থেকে আসা বা ছাড়া অধিকাংশ নৈহাটি লোকাল এই প্ল্যাটফর্মেই থাকে। অন্যদিকে, নৈহাটি হাসপাতাল, স্টেডিয়াম ও কলেজ সংলগ্ন এলাকা থেকে আসা যাত্রীদের জন্য ৪ নম্বর প্ল্যাটফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্ল্যাটফর্মে লিফট বা এস্কেলেটর না থাকায় সিঁড়ি ভাঙতে গিয়ে কালঘাম ছুটছে প্রবীণ ও অসুস্থ যাত্রীদের।
রেলমন্ত্রীর হস্তক্ষেপের দাবি: বিধায়ক সনৎ দে তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, সারা বছরই বড়মার মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। বিশেষ করে উৎসবের মরসুমে ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। স্টেশনের পরিকাঠামো উন্নত করা এখন সময়ের দাবি। গঙ্গা পার হয়ে আসা নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের যাত্রী— সকলের কথা মাথায় রেখেই রেল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
আশায় বুক বাঁধছেন স্থানীয়রা: নৈহাটির বাসিন্দাদের মতে, স্টেশনটি যে হারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই তুলনায় আধুনিকীকরণের কাজ থমকে রয়েছে। ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াতকারী অসংখ্য পুণ্যার্থী ও নিত্যযাত্রীরা যাতে সহজে ওভারব্রিজে উঠতে পারেন, তার ব্যবস্থা করা জরুরি। রেলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, বিধায়কের এই চিঠির পর রেল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলেই আশাবাদী নৈহাটিবাসী।