নিউজ ডেস্ক: সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে এপারে আসতেই বিপত্তি। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে অসুস্থ হয়ে পড়লেন শেখ মহিম (২৩) নামে এক বাংলাদেশি যুবক। বাংলাদেশের খুলনার বাসিন্দা ওই যুবক বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরে জ্বরের পাশাপাশি র্যাশ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে পেট্রাপোল সীমান্ত দিয়ে বৈধ নথিপত্র নিয়ে ব্যবসায়িক প্রয়োজনে কলকাতায় আসার কথা ছিল মহিমের। কিন্তু সীমান্ত পেরোনোর পরেই তিনি গুরুতর অসুস্থবোধ করতে শুরু করেন। সীমান্তে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা করার পর বিষয়টি দ্রুত বনগাঁর সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান। কালবিলম্ব না করে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।
বনগাঁর সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহা রায় জানিয়েছেন, যুবকটির শারীরিক অবস্থার কথা জানতে পেরেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর অসুস্থতার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।