নিউজ ডেস্ক: যাদবপুরের ঘিঞ্জি বিক্রমগড় এলাকায় পেয়িং গেস্ট সেজে দিব্যি দিন কাটাচ্ছিল বিহারের কুখ্যাত ডন আকাশ গুপ্তা। এমনকি এলাকার একটি কাপড়ের দোকানে কাজও জুটিয়ে ফেলেছিল সে। কিন্তু শেষ রক্ষা হল না। মোবাইলের কললিস্টের সূত্র ধরে শনিবার রাতে বিক্রমগড় থেকে তাকে গ্রেপ্তার করল বিহার পুলিশের বাহাদুরপুর থানা। ধৃতের বিরুদ্ধে বিহারে অন্তত এক ডজন খুনের মামলা ও তোলাবাজির অভিযোগ রয়েছে।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ৬ এপ্রিল বিহারের বাহাদুরপুর এলাকায় বান্টি কুমার নামে এক দুষ্কৃতীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত এই আকাশ। পুলিশ জানিয়েছে, বান্টিকে মাথায় গুলি করে খুনের পর প্রমাণ লোপাট করতে দেহটি বস্তায় ভরে বড় নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল। বান্টি ও আকাশ এক সময় হরিহর আত্মা ছিল এবং দুজনে মিলেই ‘সুপারি’ নিয়ে খুনের কারবার চালাত। কিন্তু টাকার বখরা নিয়ে বিবাদের জেরেই নিজের ঘনিষ্ঠ সঙ্গীকে আকাশ খতম করে বলে পুলিশের দাবি।
খুনের পর থেকেই আকাশ ফেরার ছিল। নিজের সিম কার্ড নষ্ট করে ফেলায় প্রায় দু’বছর তাকে খুঁজে পায়নি বিহার পুলিশ। তবে একটি বিদ্যুতের বিল তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। আকাশের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল তার মায়ের নামে। সেই আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের কল ডিটেইলস খতিয়ে দেখে গোয়েন্দারা দেখেন, কলকাতার একটি নম্বর থেকে প্রায়ই সেখানে ফোন আসছিল। সেই টাওয়ার লোকেশন দেখেই বিহার পুলিশ নিশ্চিত হয় যে অভিযুক্ত যাদবপুর এলাকায় লুকিয়ে আছে।
জেরায় জানা গিয়েছে, গত দেড় বছর ধরে কলকাতায় গা ঢাকা দিয়ে ছিল আকাশ। এখানে তার এক বন্ধুর সহায়তায় আসল আধার কার্ড দেখিয়েই সে পেয়িং গেস্ট হিসেবে থাকতে শুরু করে। দিনে দুপুরে কাপড়ের দোকানে কাজ করত সে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। পুলিশের দাবি, ধৃত আকাশ দু’হাতে আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী এবং তার নিজস্ব একটি বড় গ্যাং রয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে পুলিশ।