নিউজ ডেস্ক: ভিনদেশে গিয়ে মোটা টাকা রোজগারের স্বপ্ন দেখিয়েছিল প্রতারকরা। হাতে এসেছিল নিয়োগপত্রও। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন বদলে গেল দুঃস্বপ্নে। রাশিয়ার একটি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার নামে সাড়ে তিন লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল গোবরডাঙা থানার পুলিশ। ধৃতদের নাম মিলন দাস, মাধব রায় এবং দেবব্রত মণ্ডল। অভিযোগ, উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বাসিন্দা পাপন সরকারকে বিদেশের চাকরির টোপ দিয়ে বড়সড় প্রতারণার ফাঁদে ফেলেছিল এই চক্রটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাপনকে রাশিয়ার একটি সংস্থায় দিনমজুরের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে টাকা নেয় অভিযুক্তরা। বিশ্বাসযোগ্যতা বাড়াতে জাল অফার লেটার ও ভিসা সংক্রান্ত ভুয়ো নথিও তুলে দেওয়া হয় তাঁর হাতে। তবে নথিপত্র হাতে পাওয়ার পর সন্দেহ হওয়ায় দিল্লিতে রুশ দূতাবাসে যোগাযোগ করেন পাপন। সেখান থেকেই জানতে পারেন, তাঁর হাতে থাকা সমস্ত কাগজপত্রই জাল। প্রতারণার বিষয়টি স্পষ্ট হতেই নিজের টাকা ফেরত চান তিনি। অভিযোগ, টাকা ফেরতের বদলে উল্টে তাঁকে হুমকি দেওয়া শুরু হয়। এরপরই গোবরডাঙা থানার দ্বারস্থ হন ওই যুবক।
অভিযোগ পেয়েই কোমর বেঁধে নামে পুলিশ। হাবড়া, রানাঘাট এবং শান্তিপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তিন পাণ্ডাকে পাকড়াও করা হয়। শনিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোবরডাঙা থানার ওসি পিঙ্কি ঘোষ জানিয়েছেন, এই চক্রের জাল কতটা গভীরে ছড়িয়ে রয়েছে এবং পাপন ছাড়া আরও কেউ এই প্রতারণার শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিদেশের চাকরির আড়ালে কোনও বড়সড় আন্তর্জাতিক চক্র সক্রিয় কি না, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।