পেটের তাগিদে ঘর ছেড়েছিলেন, কিন্তু সেই কর্মস্থলেই যে কালঘুম অপেক্ষা করছিল তা কে জানত! শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে লরি পার্ক করার সময় চাকার তলায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত সুশীল ওরাঁও চালসার বাসিন্দা। এই ঘটনায় ঘাতক লরির চালককে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ। লরিচালকের সামান্য অসতর্কতা কীভাবে একটি তরতাজা প্রাণ কেড়ে নিল, তা নিয়ে শনিবার সরব হয়েছেন বাজারের শ্রমিক ও ব্যবসায়ীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের বাসিন্দা বিনোদ কুমার পাল নামে এক চালক মালবোঝাই লরি নিয়ে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে এসেছিলেন। অভিযোগ, লরি পার্ক করার সময় তিনি অত্যন্ত অসাবধান ছিলেন। বাজারের এক প্রান্তে ক্লান্ত শরীরে ঘুমিয়ে ছিলেন সুশীল। অন্ধকারে বা অসাবধানতাবশত লরি চালক সরাসরি ঘুমন্ত যুবকের পেটের ওপর দিয়ে গাড়িটি চালিয়ে দেন। আর্তচিৎকার শুনে বাজারের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সুশীলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু কিছুক্ষণ লড়াইয়ের পর চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় তাঁর।
ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ লরিটিকে বাজেয়াপ্ত করেছে এবং অভিযুক্ত চালক বিনোদ কুমার পালকে গ্রেফতার করেছে। শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। জীবিকার সন্ধানে ডুয়ার্স থেকে শহরে আসা ওই শ্রমিকের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।