নিউজ ডেস্ক: ক্যালেন্ডার বলছে আজ সোমবার, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পেশের অন্তিম লগ্ন। আর এই শেষ বেলাতেই আইনি লড়াইয়ের ‘হার্ডলস’ পার করে নির্বাচনী ময়দানে সরকারিভাবে পা রাখতে চলেছেন এশীয় গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। দীর্ঘ টানাপড়েন আর অনিশ্চয়তার মেঘ কাটিয়ে আজই তিনি জেলা প্রশাসনের দফতরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নিজের হলফনামা পেশ করবেন।
রেলের চাকরির ইস্তফাপত্র গ্রহণ নিয়ে আইনি জটিলতা এবং নির্বাচন কমিশনের ‘নো ডিউস’ সার্টিফিকেট বা এনওসি (NOC) পাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই তপ্ত ছিল উত্তরবঙ্গের রাজনীতি। এক সময় স্বপ্নার লড়াই অনিশ্চিত হয়ে পড়ায় রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়ের নাম নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু রবিবার বিকেলেই সমস্ত জট কেটে যায়। নির্বাচন কমিশনের সবুজ সংকেত আসতেই স্বপ্নার মনোনয়ন পেশের পথে আর কোনও বাধা রইল না।
আজ সকাল থেকেই রাজগঞ্জে তৃণমূল শিবিরের অন্দরে সাজ সাজ রব। সূত্রের খবর, বড়সড় শোভাযাত্রা করে আজ জলপাইগুড়ির প্রশাসনিক ভবনে পৌঁছাবেন স্বপ্না। সঙ্গে থাকবেন দলের বর্ষীয়ান নেতা খগেশ্বর রায় এবং জেলা স্তরের অন্যান্য নেতৃত্ব। ট্র্যাকের লড়াইয়ের পর এবার ব্যালট যুদ্ধের কঠিন হার্ডলস পার করতে তিনি কতটা প্রস্তুত, আজ মনোনয়নের টেবিলেই মিলবে তার প্রথম আভাস।