নিউজ ডেস্ক: শিক্ষকতা থেকে অবসর নিলেও বিদ্যালয়ের সঙ্গে নাড়ির টান যে ছিন্ন হয় না, তা আরও একবার প্রমাণ করলেন তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ী হরিরধাম হাই স্কুলের ক্রীড়া শিক্ষক পার্থপ্রতিম দত্ত। দীর্ঘ কয়েক দশকের কর্মজীবন শেষে স্কুলকে বিদায় জানানোর লগ্নে নিজের বাবা, মা ও ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে স্কুল তহবিলে দেড় লক্ষ টাকার চেক তুলে দিলেন তিনি (School Teacher Donation)। তাঁর এই নিঃস্বার্থ দান শিক্ষক সমাজের মুখ উজ্জ্বল করেছে।
ক্রীড়া প্রতিভাকে উৎসাহ: পার্থবাবু জানান, ১৯৯৯ সালে তিনি এই বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। সারা জীবন মাঠের ধুলো মেখে ছাত্র গড়েছেন। তাঁর দান করা এই দেড় লক্ষ টাকার সুদ থেকে আগামী বছরগুলোতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে। এতে ছাত্র-ছাত্রীরা খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবে বলে তিনি আশাবাদী।
আবেগের স্মৃতিচারণ: নিজের পরিবারের সদস্যদের স্মরণে এই দান প্রসঙ্গে পার্থপ্রতিম বাবু বলেন, “অবসর নিলেও যেন স্কুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না হয়, সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। আমার সামান্য সঞ্চয়টুকু স্কুলের তহবিলে তুলে দিতে পেরে পরম মানসিক তৃপ্তি পাচ্ছি।” কর্মজীবনের শেষ বেলায় এমন মানবিক উদ্যোগ দেখে আপ্লুত সহকর্মী থেকে শুরু করে প্রাক্তন পড়ুয়ারাও।
প্রধান শিক্ষকের কুর্নিশ: বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণদীপ বর্মন পার্থবাবুর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেন, “পার্থবাবু যা করলেন, তা আগামী দিনে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদেরও এই ধরনের সামাজিক কাজে উৎসাহিত করবে। তাঁর এই অবদানের কথা বিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”