নিউজ ডেস্ক: নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি ও পুলিশের কড়া নজরদারির দাবি করা হলেও, হাওড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। রবিবার একই দিনে শহরের দুই প্রান্তে দুটি পৃথক অপরাধমূলক ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শালিমার স্টেশনে এক মডেল-অভিনেত্রীর ব্যাগ ছিনতাইয়ের পাশাপাশি গঙ্গার পাড় থেকে উদ্ধার হয়েছে তিনটি তাজা সুতলি বোমা।
শালিমার স্টেশনে অভিনেত্রীর ব্যাগ ছিনতাই
রবিবার ভোরে শালিমার স্টেশন চত্বরে ছিনতাইয়ের কবলে পড়েন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা পেশায় মডেল ও অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, আসানসোল থেকে ট্রেনে করে ফিরে স্টেশনের পার্কিং এলাকায় ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন তিনি ও তাঁর এক বান্ধবী। সেই সময় বাইকে করে আসা দুই দুষ্কৃতী আচমকা তাঁর হাত থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
তদন্তে নেমে পুলিশ স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে জানতে পেরেছে, ট্রেন থেকে নামার পর থেকেই এক দুষ্কৃতী তাঁদের পিছু নিয়েছিল। পরে পার্কিং এলাকায় সহযোগীর বাইকে চড়ে সে অপারেশন চালায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই কাজে বালি এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরবাইক ব্যবহার করা হয়েছে। স্বাগতা মুখোপাধ্যায় বি গার্ডেন থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তেলকলঘাটে বোমা উদ্ধার
ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে হাওড়ার তেলকলঘাট এলাকা থেকে তিনটি তাজা সুতলি বোমা উদ্ধার করে পুলিশ। গঙ্গার ধারের জনবহুল এলাকায় এভাবে বোমা মজুত রাখার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের ধারণা, আসন্ন নির্বাচনের আগে কোনও বড়সড় অপরাধমূলক ষড়যন্ত্র বা অশান্তি পাকানোর উদ্দেশ্যেই এই বোমাগুলি মজুত করা হয়েছিল।
একই দিনে শহরের দুই প্রান্তে এই ধরণের ঘটনায় পুলিশের নিরাপত্তা বেষ্টনী নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে স্টেশনের পার্কিং লটে বা গঙ্গার ঘাটে দুষ্কৃতীরা অবাধে বিচরণ করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বি গার্ডেন ও হাওড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ এবং সোর্স মারফত অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।