নিউজ ডেস্ক: মাইলের পর মাইল পদযাত্রায় তিনি বাম রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। রাত জেগে লাগাতার কর্মসূচিতে তাঁর রেকর্ড যে কোনও বাম নেতার কাছে ঈর্ষনীয়। সেই ৮৫ বছরের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গত কয়েক বছর ধরেই আর দীর্ঘ পথ হাঁটতে পারেন না। এ বার চিকিৎসকের কড়া নির্দেশে নৈশকালীন কর্মসূচি থেকেও দূরে সরতে হল তাঁকে।
বুধবার রাতভর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ চালায় বামেরা। বৃহস্পতিবার বিকালে বড় জমায়েত করে সমাবেশও করে বাম দলগুলি। দু’দিনই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু উপস্থিত ছিলেন। তবে রাত জাগতে পারেননি। যা নিয়ে বৃহস্পতিবার আক্ষেপ শোনা গিয়েছে তাঁর গলায়। সিইও-র সঙ্গে দেখা করে বেরিয়ে আলোচনার নির্যাস জমায়েতের সামনে বলছিলেন বিমান। একেবারে শেষে তিনি জানান, ৫৫ বছর পরে তিনি রাতের কোনও কর্মসূচিতে থাকতে পারলেন না। বিমান বলেন, “১৯৭১ সাল থেকে কলকাতায় যত নৈশকালীন অভিযান হয়েছে, সব ক’টিতে আমি ছিলাম। কিন্তু এই প্রথম আমি থাকতে পারলাম না।” চিকিৎসকের নির্দেশেই তিনি বুধবার রাতে রাস্তায় রাত জাগতে পারেননি। ফিরে যেতে হয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম রাজ্য দপ্তরে, তাঁর আস্তানায়।
বছর সাতেক আগেও রানি রাসমণি রোডে সিপিএমের সারা রাতের একটি কর্মসূচিতে বিমান শুধু নিজে জাগেননি, হাজির থাকা কর্মীদের কানের কাছে লাঠির খোঁচা দিয়ে জাগিয়ে তুলেছিলেন। বাঁকুড়ার এক যুবকর্মীর কার্যত ভূত দেখার মতো অবস্থা হয়েছিল। গ্রামের মানুষ, এসেছিলেন দলের কর্মসূচিতে রাত জাগতে। পেতে রাখা চৌকিতে গা এলিয়েছিলেন। লেগে গিয়েছিল চোখও। কিন্তু কানের কাছে মৃদু খোঁচা খেয়ে ঘুম ভেঙে উঠে বসতেই দেখেন বিমান দাঁড়িয়ে!