নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে রান্নার গ্যাসের (LPG) সঙ্কট তীব্র আকার নিয়েছে। এই আবহে আমদানির ওপর অত্যধিক নির্ভরতা এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে যখন মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীরা সুর চড়াচ্ছেন, তখনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমাজমাধ্যমে ‘ব্যঙ্গাত্মক’ ভিডিও পোস্ট করার অভিযোগে চাকরি হারালেন এক সরকারি স্কুল শিক্ষক।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলার পোহানি ব্লকের সেমারখেড়ি এলাকায়। অভিযুক্ত শিক্ষক সাকেত পুরোহিত ওই এলাকার একটি সরকারি প্রাথমিক স্কুলে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি একটি ভিডিও তৈরি করেন, যেখানে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর ও কথা বলার ধরন নকল করে রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কৌতুক করতে দেখা যায় তাঁকে। ভিডিওতে তিনি ব্যঙ্গ করে বলেন, “গ্যাসের দাম এতটাই বেড়েছে যে মানুষকে হয়তো আবার মাটির উনুনে ফিরে গিয়ে রুটি বানাতে হবে।”
ভিডিওটি ভাইরাল হতেই তা জেলা শিক্ষা দপ্তরের নজরে আসে। স্থানীয় বিজেপি বিধায়ক প্রীতম লোধি এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, একজন সরকারি কর্মচারী হিসেবে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরণের অবমাননাকর এবং ব্যঙ্গাত্মক আচরণ চাকুরির আচরণবিধির (Code of Conduct) পরিপন্থী।
অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। প্রাথমিক তদন্তের পর শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সাকেত পুরোহিতকে সাময়িকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত পদক্ষেপ করা হবে।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় ভারতের মতো আমদানিনির্ভর দেশে এলপিজি সিলিন্ডারের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমদানির বিকল্প হিসেবে দেশে কেন উৎপাদন বাড়ানো হচ্ছে না, তা নিয়ে যখন জাতীয় রাজনীতি উত্তপ্ত, তখন শিবপুরীর এই ঘটনা প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে তর্কের জন্ম দিয়েছে।