সংবাদদাতা, বালুরঘাট:
অবশেষে বালুরঘাট পুরসভায় নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হলেন শনিবার। অশোক মিত্রের ছেড়ে যাওয়া চেয়ারম্যানের চেয়ারে বসলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুরজিত্ সাহা। একই সঙ্গে ভাইস চেয়ারপার্সনের দায়িত্ব পেলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মুনমুন কর। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সুরজিত্ ও মুনমুনের উপরই আস্থা রাখল তৃণমূল কংগ্রেস।
শনিবার বালুরঘাট মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন এবং পুরসভার এগজিকিউটিভ অফিসার অজয়কুমার প্রসাদের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারপার্সন। শপথ নেওয়ার পরই সুরজিতের অনুগামীরা উল্লাসে ফেটে পড়েন।
তবে চেয়ারম্যান নির্বাচনের আগে এবং শপথ গ্রহণের পর পুরসভায় চলে একপ্রস্থ নাটক। দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই রাজ্য নেতৃত্বের তরফে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এবং টাউন সভাপতি সুভাষ চাকীর কাছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারপার্সনের নাম পাঠানো হয়। সেই অনুযায়ী আগেই পুরসভায় বৈঠক করে বিষয়টি জানানো হয়। কিন্তু বৈঠকের পরই অশোকপন্থী এক বর্ষীয়ান কাউন্সিলার টাউন সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পাল্টা টাউন সভাপতিও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। দুই নেতার মধ্যে তীব্র বচসা শুরু হলে পরিস্থিতি সামাল দেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল।
পরে প্রশাসনিক বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেন সমস্ত কাউন্সিলার। তবে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা হতেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র এবং তাঁর ঘনিষ্ঠ কাউন্সিলাররা। যদিও পরে নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার বার্তা দেন অশোক মিত্র। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে অশোকপন্থী কাউন্সিলারদের দেখা যায়নি। বিদ্রোহী কাউন্সিলারদের একাংশও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। অনেকের মুখেই ছিল স্পষ্ট অসন্তোষ।
যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পুরসভা চত্বরে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি বলেন, দলীয় নির্দেশেই নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলারদের মধ্যে বচসা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “সামান্য কথা কাটাকাটি হয়েছিল। আমি দু’জনকেই বিরত করেছি। পরে সব মিটে গিয়েছে।”
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সুরজিত্ সাহা বলেন, অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা হবে। শহরের রাস্তাঘাট, সামগ্রিক উন্নয়ন এবং দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। ভাইস চেয়ারপার্সন মুনমুন করও একই সুরে বলেন, শহরের সার্বিক উন্নয়নই তাঁদের প্রধান লক্ষ্য।
এ বিষয়ে বালুরঘাট সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন জানান, সমস্ত নিয়ম মেনেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারপার্সন নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।