নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের রণদামামা বাজতেই রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সাতসকালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ নাকা তল্লাশিতে নিউটাউন এবং হাওড়া থেকে উদ্ধার হল নগদ ৪০ লক্ষ টাকা। বিপুল এই অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, বৈধ নথি ছাড়া ৫০ হাজার টাকার বেশি বহন করার ওপর কড়াকড়ি থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত টাকা।
বিধাননগর পুলিশ সূত্রে খবর, শুক্রবার ইকোপার্ক থানার অন্তর্গত সিটি সেন্টার-২ এলাকায় ফ্লাইং স্কোয়াড টিমের তল্লাশি চলছিল। একটি অ্যাপ ক্যাব থামিয়ে তল্লাশি চালাতেই এক ব্যক্তির কাছ থেকে নগদ ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। ওই ব্যক্তি টাকার স্বপক্ষে কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ১০ লক্ষ টাকার বেশি হওয়ায় আয়কর বিভাগকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, হাওড়ার শ্যামপুরে গাদিয়াড়া লঞ্চ ঘাটের কাছে নাকা চেকিংয়ের সময় আরও ১৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ফলতার বাসিন্দা সৌমিত্র সাউটিয়া নামে এক ব্যক্তির ব্যাগ থেকে এই টাকা উদ্ধার হয়। পুলিশি জেরায় তিনি জানান, নদী পেরিয়ে খড়্গপুর যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু অর্থের উৎস সংক্রান্ত কোনও প্রমাণ দিতে না পারায় তাঁকে আটক করা হয়েছে। ভোটের মুখে এই বিপুল পরিমাণ কালো টাকা পাচারের চেষ্টা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।