নিউজ ডেস্ক: সিডনি ঘোরানোর টোপ দিয়ে কাশ্মীরি দুই যুবককে কলকাতায় এনে অপহরণের অভিযোগ। মুক্তিপণ হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করে তাঁদের হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল তিলজলা সংলগ্ন প্রগতি ময়দান এলাকার একটি বেসরকারি হোটেলে। অবশেষে কাশ্মীর ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হলেন ওই দুই যুবক। এই ঘটনায় হরিয়ানার বাসিন্দা পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ওই হোটেলেই ‘বন্দি’ ছিলেন দুই যুবক। অভিযুক্তরা তাঁদের পরিবারের সদস্যদের ভিডিও কল করে মুক্তিপণ দাবি করার পাশাপাশি অকথ্য নির্যাতন চালায় বলেও অভিযোগ। অপহরণের খবর পেয়েই তদন্তে নামে কাশ্মীর পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায়, অপহৃতদের কলকাতায় রাখা হয়েছে। এর পরেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে শুরু হয় যৌথ অপারেশন।
শনিবার রাতে প্রগতি ময়দান এলাকার ওই হোটেলে হানা দিয়ে হাত ও পা বাঁধা অবস্থায় দুই কাশ্মীরি যুবককে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পাকড়াও করা হয় পাঁচ অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতেরা সকলেই হরিয়ানার বাসিন্দা এবং তারা একটি বড় আন্তর্জাতিক মানবপাচার বা প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের জাল কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা করছে পুলিশ।