নিউজ ডেস্ক:: দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট এবং আসন্ন নির্বাচনের আবহে ভোটার কার্ড সংক্রান্ত প্রক্রিয়া— এই দুই পরিস্থিতিকে হাতিয়ার করে বড়সড় সাইবার প্রতারণার ছক কষছে জালিয়াতরা। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষের পকেট সাফ করার এই নতুন কৌশলে সিঁদুরে মেঘ দেখছেন পুলিশ কর্তারা। বৃহস্পতিবার খানাকুলে এক সচেতনতা অনুষ্ঠানে যোগ দিয়ে হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বাসিন্দাদের আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

গ্যাস সংকটে ওটিপি ও কিউআর কোড আতঙ্ক: আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি সরবরাহে যে সমস্যা দেখা দিয়েছে, তাকেই ঢাল করতে পারে সাইবার দস্যুরা। গ্রাহকদের মোবাইলে মেসেজ পাঠিয়ে গ্যাস সিলিন্ডার দ্রুত ডেলিভারি করার প্রলোভন দেখিয়ে ওটিপি (OTP) চাওয়া হতে পারে। এমনকি বিশেষ সুবিধা বা ছাড়ের নাম করে কিউআর কোড (QR Code) স্ক্যান করানোর ছকও থাকতে পারে। এসডিপিও-র স্পষ্ট বার্তা, এই ধরণের ফোন বা মেসেজে সাড়া দিলেই ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ভোটার কার্ড নিয়েও সতর্কবার্তা: গ্যাসের পাশাপাশি ভোটার কার্ডের ‘এসআইআর’ পর্ব ও ভোটার তালিকা সংক্রান্ত তথ্য নিয়ে প্রতারণার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ভোটার কার্ড আপডেট, ভোটার স্লিপ ডাউনলোড বা বুথ যাচাইয়ের নামে ফোনে ভুয়ো লিঙ্ক পাঠানো হতে পারে। এই সব লিঙ্কে ক্লিক করে আধার নম্বর বা ব্যাংকের তথ্য দিলেই বড়সড় বিপদের মুখে পড়তে পারেন গ্রাহকরা। পুলিশ সাফ জানিয়েছে, সরকারি কোনও দফতর থেকে ফোন করে ওটিপি বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না।

টাকা ফিরিয়ে নজির পুলিশের: এদিন খানাকুল থানায় আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সচেতনতার পাশাপাশি সাফল্যের নজিরও তুলে ধরে। গত ফেব্রুয়ারি মাসে সাইবার প্রতারণার শিকার হওয়া কয়েকজনের খোয়ানো টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিন তাঁদের হাতে মোট ৩ লক্ষ ৩৪ হাজার টাকা তুলে দেওয়া হয়। তবে সাইবার অপরাধের জটিলতার কথা মাথায় রেখে পুলিশ কর্তারা বারবার মনে করিয়ে দিচ্ছেন, টাকা ফিরে পাওয়া অনিশ্চিত, তাই আগাম সতর্কতা ও ‘স্মার্ট’ থাকাই এখন একমাত্র পথ।

Share on Social Media