নিউজ ডেস্ক: সুন্দরবন থেকে আলু তোলার কাজে এসে আর বাড়ি ফেরা হল না মনোরঞ্জন মণ্ডলের। রবিবার সকালে পূর্ব বর্ধমানের রায়নায় এক মর্মান্তিক ট্র্যাক্টর দুর্ঘটনায় মৃত্যু হল ওই কৃষিশ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন শ্রমিক। স্থানীয় সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার হাসনাবাদ এবং সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে মোট ২১ জন শ্রমিকের একটি দল রায়নায় এসেছিলেন আলু তোলার কাজের জন্য।
রবিবার সকালে হিজলনা থেকে জাকতা যাওয়ার পথে একটি শ্মশানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় শ্রমিক বোঝাই ট্র্যাক্টরটি। দুর্ঘটনায় ট্র্যাক্টরে থাকা কমবেশি সকলেই আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগিয়ে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক মনোরঞ্জন মণ্ডল (৬০) নামে ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।
আহত শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনার মূলে ছিল চালকের চরম বেপরোয়া মনোভাব। বারবার গতি কমানোর অনুরোধ করা সত্ত্বেও চালক তা শোনেননি এবং বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিলেন। যার পরিণতিতে এই ভয়াবহ প্রাণহানি। মৃত এবং আহত সকলেই সুন্দরবন এলাকার বাসিন্দা হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে ওই উপকূলবর্তী অঞ্চলে। ঘটনার পর থেকেই ঘাতক চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।