নিজস্ব প্রতিবেদন, চেন্নাই: সাতসকালে রাস্তার মোড়ে মোড়ে পড়ে রয়েছে শয়ে শয়ে কাকের নিথর দেহ। গত কয়েক দিন ধরে চেন্নাইয়ের রাজপথে এই মর্মান্তিক দৃশ্যই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই আশঙ্কাই সত্যি হল। ল্যাবরেটরি রিপোর্ট হাতে আসতেই চক্ষু চড়কগাছ প্রশাসনের। সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মৃত পাখিদের শরীরে মিলেছে অত্যন্ত সংক্রামক এইচ৫এন১ (H5N1) ভাইরাস বা বার্ড ফ্লু।
চেন্নাইয়ের আডিয়ার এলাকা থেকেই মূলত এই মড়কের সূত্রপাত। পরিস্থিতি বিচার করে ইতিমধ্যেই তামিলনাড়ুর মুখ্যসচিবকে কড়া চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় উদ্যানপালন মন্ত্রক। সংক্রমণের উৎস খুঁজতে এবং তা রুখতে দ্রুত সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা, সঠিক সময়ে রাশ না টানলে এই ভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে গোটা রাজ্যে।
প্রশাসনের কড়া নির্দেশ: সংক্রমণ রুখতে নির্দিষ্ট প্রোটোকল মেনে মৃত পাখি ও হাঁস-মুরগির দেহ পুড়িয়ে ফেলা অথবা গভীর গর্তে পুঁতে ফেলার কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, রাস্তায় কোথাও মৃত পাখি দেখলে যেন তাতে কোনোভাবেই হাত না দেওয়া হয়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বার্ড ফ্লু কেবল পাখিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা মানুষ থেকে মানুষের শরীরেও প্রবেশ করতে পারে। খামার বা বাজারে মড়ক দেখা দিলে দ্রুত সংক্রমিত পাখিগুলিকে সরিয়ে ফেললে বা ‘কালিং’ (একসঙ্গে মেরে ফেলা) করলে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর ভয় কমে। বর্তমানে চেন্নাই জুড়ে সেই সতর্কতামূলক ব্যবস্থাই নিচ্ছে প্রশাসন।