নিউজ ডেস্ক: বাংলায় ভোট করাতে এসে ঝাড়গ্রামের জঙ্গলে এক অন্যরকম ‘দাদাগিরি’র মুখে পড়ল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার বিকেলে ঝাড়গ্রামের শালবনি এলাকায় বাহিনীর রাস্তা আটকে দাঁড়াল এলাকার পরিচিত বুনো হাতি ‘রামলাল’। প্রায় ৪০ মিনিট ধরে রাজ্য সড়কের ওপর রামলালের রাজত্বে থমকে গেল জওয়ানদের কনভয় থেকে শুরু করে সাধারণ যানবাহন।
লোধাশুলি-ঝাড়গ্রাম ৫ নম্বর রাজ্য সড়কটি অত্যন্ত ব্যস্ত। শুক্রবার বিকেলে আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে জাঁকিয়ে বসে এই আবাসিক দাঁতালটি। শুধু রাস্তা আটকানোই নয়, একটি চাল বোঝাই লরি থেকে শুঁড় দিয়ে অনায়াসে চালের বস্তা নামিয়ে ভোজ শুরু করে দেয় সে। প্রাণভয়ে লরি ফেলে চম্পট দেন চালক। লাইনে আটকে পড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাতিটিকে সরানোর চেষ্টা করলে উল্টে মারমুখী মেজাজে তেড়ে আসে রামলাল। পরিস্থিতি বেগতিক দেখে কিছুটা পিছু হটতে বাধ্য হন প্রশিক্ষিত জওয়ানরাও।
দীর্ঘদিন ধরে ঝাড়গ্রামের জঙ্গলে একাই থাকে এই দলছুট দাঁতালটি। স্থানীয়দের কাছে সে ‘রামলাল’ নামেই পরিচিত। মাঝেমধ্যেই খাবারের সন্ধানে লোকালয়ে বা রাস্তায় হানা দেওয়া তার অভ্যেস। শেষ পর্যন্ত বন দপ্তরের ‘হুলা পার্টি’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত মশাল নিয়ে তাড়া করলে ঘণ্টাখানেক পর জঙ্গলে ফিরে যায় সে। এরপরই পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল। জঙ্গলমহলে ভোটের ডিউটিতে আসা জওয়ানদের কাছে রামলালের এই মেজাজ এক নতুন অভিজ্ঞতা হয়ে রইল।