নিউজ ডেস্ক: ছুটির দিনের রাতে বড়সড় অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল হাওড়ার ডোমজুড়। রবিবার রাত দশটা নাগাদ পাকুরিয়া এলাকায় জাতীয় সড়কের ধারের একটি টায়ারের গুদামে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে দাউদাউ করে জ্বলতে শুরু করে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ টায়ার। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে, পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশালাকার ক্রেনও আগুনের গ্রাসে চলে যায়। চোখের নিমেষে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ক্রেনটি।
কুণ্ডলী পাকানো ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় জাতীয় সড়ক সংলগ্ন পাকুরিয়া এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ এবং দমকলের চারটি ইঞ্জিন। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়।
কীভাবে ওই গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। গুদামে অগ্নি-নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।