নিউজ ডেস্ক: গাঁজা ও মদের কারবারের প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগে অভিযুক্ত এখনও অধরা। এই ঘটনায় বুধবার গভীর রাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা চাকলা পঞ্চায়েতের সুবর্ণপুর এলাকায় একটি গাঁজার ঠেক ভেঙে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার সকালেও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখান বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবর্ণপুর এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে মদ ও গাঁজার কারবার চলছিল। অভিযোগ, সেই কারবারের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা মহম্মদ মোজাফ্ফর হোসেনের উপর হামলা চালান গাঁজা বিক্রেতারা। তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এলাকায় নেশার কারবার বন্ধ হয়নি। সেই ক্ষোভ থেকেই বুধবার রাতে বাসিন্দারা গাঁজার ঠেক ভেঙে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিক্ষোভকারী আলহজ শেখ, তামান্না খাতুনরা বলেন, “এই নেশার ব্যবসায়ীদের উৎপাতে মহিলাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। অল্পবয়সিরা বিপথগামী হচ্ছে। পড়ুয়ারাও নেশায় জড়িয়ে পড়ছে। এদের জন্য অনেক শিশু স্কুলে যেতেও ভয় পাচ্ছে। এই উৎপাত থেকে নিস্তার পেতে তাই ঠেকে আগুন ধরিয়ে দিয়েছি।” এদিকে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।