নিউজ ডেস্ক: আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোলযাত্রা। রঙের উৎসবের দিন শহরবাসীর যাতায়াতের সূচিতে বড়সড় বদল আনল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই দিন সকাল থেকে শহরের কোনও লাইনেই মিলবে না মেট্রো পরিষেবা। উত্তর-দক্ষিণ (ব্লু লাইন), পূর্ব-পশ্চিম (গ্রিন লাইন) থেকে শুরু করে অরেঞ্জ ও পার্পল— সবকটি শাখাতেই দুপুরের পর থেকে গন্তব্যের ট্রেন মিলবে।
মেট্রো সূত্রের খবর, দোলের দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬০টি ট্রেন চালানো হবে। দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম পরিষেবা শুরু হবে দুপুর ২টো ৩০ মিনিটে। একইভাবে গ্রিন লাইনেও সকালে বন্ধ থাকবে দরজা। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ৩টেয় এবং সল্টলেক থেকে হাওড়াগামী প্রথম মেট্রো মিলবে দুপুর ৩টে ২ মিনিটে। গত বছর অরেঞ্জ ও পার্পল লাইনে দোলের দিন পরিষেবা বন্ধ থাকলেও, এবার ওই দুই শাখাতেও দুপুর ২টোর পর থেকে ট্রেন চলবে বলে জানানো হয়েছে। তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। দোলের পরের দিন অর্থাৎ বুধবার হোলির সকালে পরিষেবা স্বাভাবিক থাকবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা দেয়নি কর্তৃপক্ষ।