নিউজ ডেস্ক: মাটির নিচ থেকে উঠে এল ইতিহাসের হাতছানি। হুগলির পাণ্ডুয়া ব্লকের মণ্ডলাই গ্রামের দক্ষিণপাড়ায় পুকুর খননের কাজ চলার সময় উদ্ধার হল একটি অতি প্রাচীন কালো পাথরের বিষ্ণুমূর্তি। শনিবার সকালে তেলিপুকুর সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামজুড়ে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই উদ্ধার হওয়া সেই মূর্তিকে মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছেন।
এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরা। তাঁরা মূর্তির গঠনশৈলী এবং খোদাই করা পাথর পরীক্ষা করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। বিশেষজ্ঞদের মতে, একশিলা খোদাই করে তৈরি এই দণ্ডায়মান বিষ্ণুমূর্তিটি মূলত পালযুগের শিল্পরীতির সাক্ষ্য বহন করছে। স্থাপত্যের ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ের হতে পারে। প্রমাণ আকারের এই শিলামূর্তিটি দীর্ঘকাল ধরে মাটির নিচে চাপা পড়ে থাকলেও তার কারুকার্য এখনও অনেকাংশে অমলিন।
পুরাতত্ত্ববিদদের আগমনে এলাকায় কৌতূহল আরও বেড়েছে। আধিকারিকরা জানিয়েছেন, মূর্তির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত স্থানীয় মন্দিরেই সংরক্ষিত রাখা হয়েছে মূর্তিটি। গ্রামবাসীর দাবি, ওই এলাকায় অতীতে কোনো প্রাচীন জনপদ বা মন্দিরের অস্তিত্ব থাকতে পারে, যার তদন্ত হওয়া প্রয়োজন।