নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে অশান্তি রুখতে রাজ্য পুলিশের ওপর পুরোপুরি ভরসা না রেখে এবার সরাসরি অ্যাকশনে নামছেন ভিন রাজ্য থেকে আসা পুলিশ পর্যবেক্ষকরা। ভোটগ্রহণের দিন আইন-শৃঙ্খলার রাশ শক্ত হাতে ধরতে কলকাতার প্রতিটি থানা এলাকার বিস্তারিত ম্যাপ চেয়ে পাঠিয়েছেন তাঁরা। গোলমাল হওয়া মাত্রই যাতে কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, তার জন্য ম্যাপ দেখে বিকল্প রাস্তা এবং অলিগলি চিনে রাখছেন পর্যবেক্ষকরা।
কলকাতা পুলিশ সূত্রে খবর, পর্যবেক্ষকরা প্রতিটি থানায় গিয়ে ওসি-দের সঙ্গে ম্যারাথন বৈঠক করছেন। প্রতিটি থানার ভৌগোলিক সীমানা বা ‘বর্ডার এরিয়া’ চিনে নেওয়া তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। কারণ, বিগত নির্বাচনের অভিজ্ঞতা বলছে, অপরাধ করার পর দুষ্কৃতীরা এক থানার সীমানা পার হয়ে অন্য থানায় আশ্রয় নেয়। ম্যাপের মাধ্যমে এই ‘শেল্টার জোন’গুলি আগেভাগেই চিহ্নিত করে রাখা হচ্ছে। এছাড়া বুথে যাওয়ার প্রবেশ ও প্রস্থান পথ এবং সংযোগকারী রাস্তাগুলিও খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোনও একটি রাস্তা অবরুদ্ধ হলে কেন্দ্রীয় বাহিনী বিকল্প পথে দ্রুত বুথে পৌঁছাতে পারে।
২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করে কলকাতার যে সমস্ত বুথে ‘বুথ জ্যাম’, ছাপ্পা ভোট বা ভোটারদের ভয় দেখানোর রেকর্ড রয়েছে, সেগুলিকে ম্যাপে লাল কালিতে ‘মার্ক’ করে রাখা হচ্ছে। পর্যবেক্ষকরা শুধু ম্যাপ দেখেই ক্ষান্ত থাকছেন না, তাঁরা সশরীরে ওই এলাকাগুলো ঘুরে দেখে বাস্তব পরিস্থিতি মিলিয়ে নিচ্ছেন। গোলমালের খবর আসা মাত্রই কোন রাস্তা দিয়ে গেলে সবথেকে কম সময়ে জওয়ানরা পৌঁছাতে পারবেন, তার একটি নিখুঁত সময়সীমা বা ‘টাইম চার্ট’ তৈরি রাখছেন তাঁরা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে এবার যে কোনও ফাঁকফোকর রাখতে নারাজ নির্বাচন কমিশন।