নিউজ ডেস্ক: খাস কলকাতায় শিউরে ওঠার মতো শ্লীলতাহানির ঘটনা। প্রেমের সম্পর্কে জড়িয়ে তরুণী বান্ধবীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু যৌন হেনস্তা নয়, নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছয় যে তরুণীর শরীরের একাধিক জায়গায় কামড়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক প্রিয়দর্শী রায়কে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও অভিযোগকারিণী একই এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর দাবি, প্রিয়দর্শী তাঁকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেছে এবং সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে রাখে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারংবার তাঁকে ধর্ষণ করা হতো বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রতিবারই শারীরিক হেনস্তার সময় অভিযুক্ত যুবক তরুণীর শরীরের বিভিন্ন অংশে কামড়ে দিয়ে ক্ষত তৈরি করত।
বৃহস্পতিবার রাতেও তরুণীর বাড়িতে চড়াও হয় প্রিয়দর্শী। সেখানে বচসার পর তাঁকে ফের জোরপূর্বক ধর্ষণ ও মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তরুণী যাদবপুর থানায় অভিযোগ জানালে রাতেই পুলিশ প্রিয়দর্শীকে জালে তোলে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এর আগেও একাধিক তরুণীর সঙ্গে একই ধরনের আচরণ করেছে ওই যুবক। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।