নিউজ ডেস্ক: সম্পর্কের বিচ্ছেদ যে অকাল বসন্তের শেষে এমন বিষাদ বয়ে আনবে, তা কল্পনাও করতে পারেনি দক্ষিণ হাবড়া। দেড় বছরের প্রেমের সম্পর্কে আচমকা ছেদ পড়ার ধাক্কা সইতে না পেরে আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার রাতে দক্ষিণ হাবড়া এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম জিৎ দাস (১৭)। সে স্থানীয় দক্ষিণ হাবড়া হাইস্কুলের ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক আগে বাবাকে হারিয়েছিল জিৎ। মা ও ছেলের ছোট সংসারে জিতের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে মায়ের হাল ধরা। কিন্তু বৃহস্পতিবারের একটি ঘটনাই সব ওলটপালট করে দিল। জানা গিয়েছে, গত দেড় বছর ধরে এক প্রতিবেশী কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সে। ওইদিন পরীক্ষার পর হাবড়ার বাণীপুর আমবাগান এলাকার একটি ক্যাফেতে দেখা হয় দু’জনের। সেখানেই কিশোরী সম্পর্ক ভাঙার কথা জানালে দু’জনের মধ্যে তীব্র বচসা হয়। প্রিয়তমার ‘ব্রেক-আপ’-এর কথা শুনে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে বাড়ি ফেরে ওই কিশোর।
বাড়ি ফিরে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার সঙ্গে রজনীগন্ধার মালা পরা একটি ছবি ও আবেগঘন পোস্ট দেয় জিৎ। বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় তার এক বন্ধুর। তড়িঘড়ি জিতের বাড়িতে ছুটে গিয়ে দেখা যায়, ঘরের ভেতর সিলিং ফ্যান থেকে ঝুলছে তার দেহ। স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জিতের মা পুরসভার কাজ সেরে ফিরে এসে দেখেন, কোল খালি হয়ে গিয়েছে তাঁর। হাবড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।