নিউজ ডেস্ক: সীমান্ত জেলা মুর্শিদাবাদে ফের সক্রিয় পাক গুপ্তচর চক্র? লালবাগ থানার গুধিয়া এলাকা থেকে সুমন শেখ নামে এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের বিরুদ্ধে ভারতের সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে ওটিপি (OTP) পাঠানো এবং বিদেশি হ্যান্ডলারদের সাহায্য করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। গত সপ্তাহে এই এলাকা থেকেই জুহাব শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এসটিএফ, তাকে জেরা করেই সুমনের নাম উঠে আসে।
তদন্তকারী সূত্রে খবর, সুমন পুণের একটি লেদ কারখানায় কাজ করত। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, ভারতের মোবাইল সিমের ওটিপি শেয়ার করার একটি বড়সড় সিন্ডিকেট কাজ করছে এই সীমান্ত এলাকায়। এ দেশের সিম কার্ডের ওটিপি ব্যবহার করে পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হতো, যা পরে ব্যবহৃত হতো তথ্য আদান-প্রদান ও গোপন যোগাযোগের জন্য। সুমন এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল বলেই সন্দেহ করছেন গোয়েন্দারা।
এদিকে সুমনের গ্রেফতারির পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। মা মেনকা বিবির দাবি, “ছেলে ফার্নিচারের কাজ করছিল, ওকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।” সুমনের কাকাও ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন। তবে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং জুহাব ও সুমনের বাইরে আর কারা এই ওটিপি জালিয়াতির সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ।