নিউজ ডেস্ক: তিলোত্তমার রাতের পথ কি এবার আরও নিরাপদ হতে চলেছে? কর্মরতা মহিলাদের সুরক্ষায় একগুচ্ছ নতুন পদক্ষেপ করল লালবাজার। শনিবার শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ মোড়ে উদ্বোধন হলো মহিলা পুলিশ পরিচালিত বিশেষ হেল্পডেস্ক ‘পিঙ্ক বুথ’-এর। পাশাপাশি রাতের শহরে টহল দিতে পথে নামল প্রমীলা বাহিনীর বিশেষ ভ্যান ‘শাইনিং’। পুলিশের এই দ্বিমুখী উদ্যোগকে সমাজমাধ্যমে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার উত্তর কলকাতার শ্যামবাজার থেকে এই পরিষেবার সূচনা করেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। প্রাথমিকভাবে শ্যামবাজার, কাঁকুড়গাছি, হাডকো (উল্টোডাঙা), গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তায় এই ‘পিঙ্ক বুথ’ কাজ শুরু করেছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বুথগুলিতে থাকবেন মহিলা পুলিশ আধিকারিকরা। যে কোনও বিপদে পড়লে মহিলারা সরাসরি এখানে এসে সাহায্য চাইতে পারবেন। প্রতিটি বুথে সিসিটিভি নজরদারির পাশাপাশি থাকবে ওয়্যারলেস এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম।
অন্যদিকে, ‘উইনার্স’ বাহিনীর পর এবার নজর কাড়তে চলেছে ‘শাইনিং’ মোবাইল ভ্যান। মূলত অফিস ফেরত মহিলাদের নিরাপত্তা দিতেই এই বিশেষ স্কোয়াড। প্রতিদিন রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত ইএম বাইপাস-সহ শহরের বিভিন্ন ট্রাফিক মোড়ে টহল দেবে এই পাঁচটি গাড়ি। লালবাজারের কর্তারা মনে করছেন, এই পদক্ষেপে নিরাপদতম শহরের তকমা ধরে রাখা আরও সহজ হবে। কমিশনারের কথায়, ‘‘রাতের অন্ধকার কাটতে হলেই তো পথে নামতে হবে। মহিলাদের আত্মবিশ্বাস জোগাতেই আমাদের এই প্রয়াস।’’