নিউজ ডেস্ক: ভরসন্ধ্যায় সোদপুরের কালীতলা ঘোষপাড়া এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতী এটিএমে ঢুকে সিসিটিভি ক্যামেরা সেলোটেপ দিয়ে আটকে টাকা লুটের চেষ্টা চালায়। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। ঘোলা থানার পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীতলার ঘোষপাড়ার ওই এটিএমে সাধারণত গ্রাহকদের চাপ কম থাকে, সন্ধ্যার পর তা কার্যত ফাঁকাই থাকে। এই সুযোগকে কাজে লাগিয়েই এদিন একদল দুষ্কৃতী এটিএমে ঢোকে। অভিযোগ, তারা প্রথমে এটিএমের ভিতরের সিসিটিভি ক্যামেরাগুলি সেলোটেপ দিয়ে আটকে দেয়, যাতে তাদের পরিচয় গোপন থাকে। এরপর এটিএম মেশিনটি ভাঙার চেষ্টা শুরু করে।
ঠিক সেই সময় স্থানীয় এক ব্যক্তি টাকা তুলতে এটিএমে আসেন। সিসিটিভি ক্যামেরা ঢাকা দেখে এবং এটিএমের অদ্ভুত অবস্থা দেখে তাঁর সন্দেহ হয়। তিনি তৎক্ষণাৎ স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এটিএমের সামনে জড়ো হতে শুরু করেন। আচমকা ভিড় বাড়ছে দেখে এটিএমের বাইরে পাহারা দেওয়া দুই যুবক চম্পট দেয়। কিন্তু এটিএমের ভিতরে থাকা দুষ্কৃতীকে বেরোনোর সুযোগ না দিয়ে স্থানীয়রা দরজা বন্ধ করে দেন। ক্ষিপ্ত জনতা ওই দুষ্কৃতীকে মারধর করে। খবর পেয়ে দ্রুত ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ধৃতকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।